মোহাম্মদ নান্নু মৃধাঃ বাংলা নববর্ষ ১৪৩৩ কে বরণ করতে শরীয়তপুরের ডামুড্যা উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
“নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেয় নানা শ্রেণি-পেশার মানুষ।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে ডামুড্যা বন্দরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। এতে সরকারি কর্মকর্তা, শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠনের সদস্যসহ বিভিন্ন পেশার মানুষ বর্ণিল সাজে অংশগ্রহণ করেন।
শোভাযাত্রায় গ্রামীণ ঐতিহ্যের বিভিন্ন উপকরণ,পালকি, জেলের হাতে জাল,কৃষকের হাতে কাস্তে, মুখোশ, ব্যানার ও প্ল্যাকার্ড উৎসবকে করে তোলে আরও প্রাণবন্ত ও আকর্ষণীয়। পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবের আমেজ এবং মিলনমেলার আবহ।
আয়োজক সূত্রে জানা গেছে, নববর্ষ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ খেলাধুলা এবং বৈশাখী মেলা।
অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি উৎসবমুখর পরিবেশে সবাই একে অপরকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সালাহউদ্দিন আইয়ুবী, অফিসার ইনচার্জ ওসি মোঃ রবিউল হক, সরকারি পূর্ব মাদারীপুর ডামুড্যা কলেজ এর অধ্যক্ষ প্রফেসর সুভাষ চন্দ্র হীরা, উপজেলা যুবদলের সভাপতি মোঃ উজ্জ্বল সিকদার, সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন মেহেদী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান, কৃষি কর্মকর্তা মোঃ মোতালেব হোসেন সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগন।
Facebook Comments